সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ৩ হাজার ৫০০ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করেছে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় পরিষদ।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নেশনের প্রতিবেদনে বলা হয়, জাতীয় পরিষদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য প্রকাশ করেন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক ফেডারেল মন্ত্রী তারিক ফজল চৌধুরী।
মন্ত্রী জানান, বহিষ্কৃত ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে জাতীয় পরিষদের সদস্য সামিনা খালিদ ঘুরকির এক প্রশ্নের উত্তরে তারিক ফজল চৌধুরী বলেন, বর্তমানে স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে কোনো পাকিস্তানি নাগরিক মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত অবস্থায় নেই।
তিনি আরও জানান, বিদেশে আটক পাকিস্তানি নাগরিকদের সহায়তায় সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত পাকিস্তান দূতাবাসে বিশেষ সেল কাজ করছে। এসব সেল নিয়মিত কারাগার পরিদর্শন, বন্দিদের বিভিন্ন সমস্যা সমাধান এবং আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান করে থাকে।
এ ছাড়া পাকিস্তান ও যুক্তরাজ্যের মধ্যে বন্দি স্থানান্তর চুক্তির আওতায় ২০২৪ ও ২০২৫ সালে মোট নয়জন পাকিস্তানি বন্দিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও জাতীয় পরিষদকে অবহিত করেন তিনি।
তবে ইউএই থেকে বহিষ্কৃত ৩ হাজার ৫০০ পাকিস্তানির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম আইন লঙ্ঘনের কী ধরনের অভিযোগ আনা হয়েছিল, সে বিষয়ে জাতীয় পরিষদে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
