বাংলাদেশ থেকেও মেসি, রোনালদো ও এমবাপ্পের মতো তারকা ফুটবলার উঠে আসবে: তারেক রহমান

অবশ্যই পরুন

বাংলাদেশের শিশু-কিশোরদের মধ্য থেকেই ভবিষ্যতে বিশ্বমানের ফুটবলার তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ফুটবলকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে বাংলাদেশও একদিন বিশ্বকাপে খেলার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারে।

শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সরকার শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে কাজ করবে। একইসঙ্গে সংস্কৃতি, সৃজনশীলতা ও শিক্ষার বিকাশেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকেই আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ, শিল্পী ও মেধাবী নাগরিক তৈরি হবে।

সরকারপ্রধান জানান, আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ‘প্রাইম মিনিস্টারস কাপ’ চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থাদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের বিদ্যালয়ের শিক্ষার্থীরা টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে অংশ নেয়। এ সময় শিক্ষা খাত ও ক্রীড়া অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ