বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হয়রানি ও মারধরের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিসিবির এক বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের সঙ্গে জড়িত একটি ঘটনায় জাতীয় দলের এই ক্রিকেটার শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বোর্ড।
জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার পর নাঈম হাসান বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে তিনি এ ঘটনার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
বিসিবি বলেছে, একজন জাতীয় ক্রীড়াবিদের সঙ্গে এমন আচরণ দুঃখজনক এবং গ্রহণযোগ্য নয়। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া উচিত।
সংস্থাটি আরও জানিয়েছে, ঘটনার পর থেকেই নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ অব্যাহত রেখেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ঘটনাটির অগ্রগতি পর্যবেক্ষণ করবে।
ন্যাশনিক্স/এলকে
