খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি, আহত দুই

অবশ্যই পরুন

খুলনা নগরীতে ফজরের নামাজ চলাকালে একটি মসজিদের ভেতরে ঢুকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে মসজিদ কমিটির এক নেতাসহ দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রবিবার ভোরে দৌলতপুর এলাকার একটি জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম এবং আলম শেখ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নামাজ চলাকালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে নির্দিষ্ট একজনকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হন। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলির শব্দ শুনে উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধের কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ