মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে তার নিজ জেলা ভোলায় দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
দাফনের আগে সকালে নিজ বাড়ির সামনে কবর খননসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে ভিড় করেন।
ঢাকায় প্রথম জানাজা শেষে দুপুরে হেলিকপ্টারযোগে তার মরদেহ ভোলায় নেওয়া হয়। পরে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানাজার আগে মাঠে উপস্থিত কিছু বিএনপি নেতাকর্মী জানাজার স্থান পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। পরে জেলা বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং নির্ধারিত স্থানেই জানাজা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজায় বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে মা-বাবা ও প্রয়াত স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়।
ন্যাশনিক্স/এলকে
