ময়মনসিংহ নগরীর চর ঈশ্বরদিয়া এলাকায় ছুরিকাঘাতে রানা মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত মাহিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার বিকেলে ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা মিয়া পেশায় অটোরিকশা চালক ছিলেন। তার স্বজনদের দাবি, তিনি বিএনপির কর্মী ছিলেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার রাতে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরদিন বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, বিকেলে একদল লোকজন নিয়ে প্রতিপক্ষ তাদের এলাকায় আসে। এ সময় সংঘর্ষের মধ্যে রানা মিয়া ছুরিকাঘাতের শিকার হন। হামলায় আরও কয়েকজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রানা মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, হামলায় নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে স্থানীয় এক জামায়াত নেতার ছেলে মাহিনও ছিলেন। ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ন্যাশনিক্স/এলকে
