চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার আছরের নামাজের পর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী পক্ষ।
অভিযোগ অনুযায়ী, কুষ্টিয়া থেকে জীবননগরে যাওয়ার পথে এমপির শ্যালক আবু বক্কর, এমপির স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা একটি মাইক্রোবাসে করে যাত্রা করছিলেন। এসময় হাসাদাহ বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক রাস্তার মধ্যে অবস্থান করায় গাড়ির গতি বাধাগ্রস্ত হয়।
ভুক্তভোগীদের দাবি, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কয়েকজন ব্যক্তি গাড়িচালক সাদ্দাম হোসেনের ওপর হামলা চালান। পরে আবু বক্কর এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। এতে তিনি ও গাড়িচালক আহত হন।
এ ঘটনায় এমপির স্ত্রীকেও শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ করা হয়েছে। হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। তবে অভিযোগে নাম আসা ব্যক্তিরা এর আগেই এলাকা ছেড়ে চলে যান বলে জানা গেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
