সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, নতুন সরকারের দুই মাসের মধ্যেই ছাত্রলীগের তৎপরতা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।
ভিডিওতে গোলাম মাওলা রনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের কমিটি গঠন করা হচ্ছে এবং প্রকাশ্যেই এসব কমিটি ঘোষণা দেওয়া হচ্ছে। কোথাও কোথাও নতুন কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে মিছিলও করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করলেও ছাত্রলীগের কার্যক্রমের তুলনায় তা খুবই সীমিত।
তার ভাষ্য অনুযায়ী, গত ১৮ মাসে ছাত্রলীগ বা আওয়ামী লীগের যেকোনো কার্যক্রমের বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখা গেলেও বর্তমানে সেই মাত্রার প্রস্তুতি দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, ছাত্রলীগের পাশাপাশি যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছেন এবং নিয়মিত ওয়েব মিটিংয়ে অংশ নিচ্ছেন।
গোলাম মাওলা রনির মতে, ছাত্রলীগের এই সাংগঠনিক তৎপরতা এবং আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সক্রিয়তা দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
ন্যাশনিক্স/এলকে
