জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ মে) দুপুরে জামালপুর পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।
পুলিশ জানায়, প্রায় এক বছর আগে ব্যবসা সম্প্রসারণের জন্য এরশাদ আলী নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন হারুনুর রশীদ। পরে নির্ধারিত সময়ে টাকা ফেরত না পাওয়ায় ওই ব্যবসায়ী আদালতে চেক জালিয়াতির মামলা দায়ের করেন।
মামলার শুনানি শেষে আদালত হারুনুর রশীদকে ৭৬ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন এবং এক বছরের কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের জন্য মেলান্দহ থানাকে নির্দেশ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মেলান্দহ থানায় নেওয়া হয়।
ওসি ওবায়দুর রহমান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী হারুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
