ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন-এর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম-এর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মিরপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। সেই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে শুনানি শেষে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া যুবদল নেতা হৃদয় মিয়া গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গুলির অভিযোগ আনা হয়।

গ্রেপ্তারের পর এ মামলায় ব্যারিস্টার সুমন পাঁচ দিনের রিমান্ডে ছিলেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ