দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে চার শিশু এবং হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ শিশু।
রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫০৩ শিশুর মধ্যে উপসর্গ দেখা দেয়। তাদের মধ্যে ১ হাজার ২৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাত শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন সিলেট বিভাগের এবং দুজন চট্টগ্রাম বিভাগের।
এ সময় হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৪৯৬ জন ঢাকা বিভাগের। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১১৬ শিশু, যার মধ্যে ৪৪৩ জনই ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ১৫৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ হাজার ৯০৯ শিশু। এ পর্যন্ত ৬ হাজার ৮১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩০ হাজার ৮৬২ জন।
