যমুনায় বালু উত্তোলনকে কেন্দ্র করে ফের গোলাগুলি, আতঙ্কে এলাকাবাসী

অবশ্যই পরুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে যমুনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (১০ মে) সকাল ১০টার দিকে আলোকদিয়া চরের যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বালু মহল সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে তেওতা বালু মহলের ইজারা পায় মেসার্স ইকরাম কনস্ট্রাকশন। প্রায় ১ কোটি ২০ লাখ টাকায় নেওয়া ওই মহলের আওতায় রয়েছে আলোকদিয়া চর এলাকা। সকালে কয়েকজন দুর্বৃত্ত ইঞ্জিনচালিত নৌকায় করে সেখানে এসে হঠাৎ গুলি ছোড়ে। এ সময় দুই থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায় এবং একটি গুলি বাল্কহেডে আঘাত করে। পরে তারা বালু উত্তোলন বন্ধ রাখার হুমকি দিয়ে চলে যায়।

জানা গেছে, আলোকদিয়া চরে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগে গত ৩ এপ্রিল প্রতিপক্ষের গুলিতে মিরাজ হোসেন (৪০) নামে এক বালু মহল ব্যবস্থাপক নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় রাসেল (২৪) নামে এক যুবককে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

বালু মহলের ব্যবস্থাপক শরিফুল ইসলাম চাঁন বলেন, দুর্বৃত্তরা চরে এসে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বালু উত্তোলন করলে বড় ধরনের ক্ষতির হুমকি দেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ