গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় ক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
রোববার (১০ মে) ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরি করতে যায়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা চোরদের ধাওয়া করে।
একপর্যায়ে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন।
এ সময় বিক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে আরও দুইজন মারা যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গণপিটুনিতে আহত তিনজনেরই মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
