যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ঘোষিত সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, অভিযান “পূর্ণ শক্তিতে” চলবে এবং নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামানো হবে না।
ভিডিওতে ট্রাম্প স্বীকার করেন, সামনে আরও মার্কিন সেনা হতাহতের আশঙ্কা রয়েছে। তবে তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে এটিই একমাত্র পথ। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র নিহতদের “প্রতিশোধ নেবে” এবং যারা সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে তাদের ওপর কঠোরতম আঘাত হানা হবে।
প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ইরানের রেভুলিউশনারি গার্ডস ও সংশ্লিষ্ট বাহিনীকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। আত্মসমর্পণ করলে পূর্ণ দায়মুক্তির সুযোগ দেওয়া হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। অন্যথায় “কঠিন পরিণতি” ভোগ করতে হবে বলে সতর্ক করেন ট্রাম্প।
এদিকে ব্রিটিশ গণমাধ্যমের সঙ্গে আলাপে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানকে ঘিরে চলমান অভিযান আরও চার সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাঁর মতে, দেশটি ভৌগোলিকভাবে বড় হলেও চার সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়।
এ ছাড়া অভিযানে সৌদি আরব যুক্ত হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সৌদি আরব।
উল্লেখ্য, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সাম্প্রতিক সামরিক তৎপরতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির অগ্রগতি নিয়ে এখনো আনুষ্ঠানিক ও স্বাধীনভাবে যাচাই করা তথ্যের অপেক্ষা করছে কূটনৈতিক মহল।
