ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ প্রদান ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি প্রেরণ করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন। পাশাপাশি, বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তিনি কোনো কার্যকর উদ্যোগ নেননি বলেও অভিযোগ করা হয়।
চিঠিতে আরও দাবি করা হয়, গত ২০ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেছেন এবং প্রকৃত ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। এসব কারণে তিনি সংবিধান অনুযায়ী নেওয়া শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ তোলা হয়।
চিঠির শেষাংশে বলা হয়, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে সংসদের অধিবেশন আহ্বান বা সেখানে ভাষণ দেওয়ার অনুমতি না দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিবেচনায় উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।
