মার্চে অধিনায়ক হয়ে দলে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অবশ্যই পরুন

নিষেধাজ্ঞার কারণে পর্তুগালের সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১৪৩) ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৬ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্মেনিয়াকে ৯–১ গোলে হারিয়েছিল পর্তুগাল, যেখানে দাপুটে পারফরম্যান্স দেখান ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেসরা।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মার্চের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। এই দুই ম্যাচে অধিনায়ক হিসেবে রোনালদোর ফেরার সম্ভাবনা প্রায় নিশ্চিত। সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, আসন্ন ম্যাচগুলোতে ২৬ সদস্যের দলে নেতৃত্বের আর্মব্যান্ড তার হাতেই উঠবে।

আগামী ২৯ মার্চ মেক্সিকোর বিপক্ষে আজতেকা স্টেডিয়ামে এবং ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে আটলান্টায় মাঠে নামবে কোচ রবার্তো মার্টিনেজ এর দল। ম্যাচ দুটির আগে এখনো কিছুটা সময় থাকায় স্কোয়াড ঘোষণাও হতে পারে দেরিতে।

সম্প্রতি মার্টিনেজ জানিয়েছেন, বিশ্বকাপের মূল দলে জায়গা পেতে প্রতিদ্বন্দ্বিতায় আছেন প্রায় ৪০ জন ফুটবলার। মার্চের এই দুটি ম্যাচকে তিনি দেখছেন চূড়ান্ত ২৬ জনের তালিকা নির্ধারণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে। তার ভাষায়, এই ম্যাচগুলো কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং বিশ্বকাপ প্রস্তুতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

২০২৬ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে আসরটি। সেখানে অংশ নিলে রোনালদো হবেন ইতিহাসের প্রথম ফুটবলার, যিনি ছয়টি বিশ্বকাপে খেলবেন। ‘কে’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান, কলম্বিয়া এবং ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ১–এর বিজয়ী দল। ১৭ জুন প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।

৪১ বছর বয়সী রোনালদো এখন ছুটছেন ক্যারিয়ারের ১০০০তম গোলের দিকে। জাতীয় দল ও ক্লাব দুই ক্ষেত্রেই নিয়মিত গোল করে চলেছেন তিনি। এখন পর্যন্ত তার মোট গোলসংখ্যা ৯৬২; ঐতিহাসিক মাইলফলক থেকে দূরে আছেন মাত্র ৩৮ গোল। বয়সকে ছাপিয়ে তার এই ধারাবাহিকতা পর্তুগালের বিশ্বকাপ স্বপ্নে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ