চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ডাব নিয়ে গেলেন সাবেক ছাত্রদল নেতা

অবশ্যই পরুন

সাভারের রেডিও কলোনি এলাকায় চাঁদার টাকা না পেয়ে দুই ফুটপাতের ডাব বিক্রেতার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন বাবুর বিরুদ্ধে।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীদের দাবি, রেডিও কলোনি এলাকায় ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিদিন স্থানীয় প্রভাবশালীদের ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। জাতীয় নির্বাচনের পর ওই এলাকায় চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ নিতে সক্রিয় হন আরমান হোসেন বাবু।


ডাব বিক্রেতা নুর আলম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ফুটওভার ব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করছিলেন। বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং প্রায় ২০০ পিস ডাবসহ তার ভ্যানটি নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।


আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনি অভিযোগ করেন, একইভাবে তার কাছেও চাঁদা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তার মালামালও নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় একাধিক ব্যবসায়ী বলেন, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপির নেতা এবং সাভারের এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগও রয়েছে বলে দাবি করেন তারা।


এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আরমান হোসেন বাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কোনো মন্তব্য করেননি। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ