রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রায় ১৮ মাস পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের সামনে অফিস উদ্বোধনের একটি ব্যানারও টানানো হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, সকাল ১০টার দিকে তিনি কার্যালয়ের সামনে একটি ট্রাক থেকে ভ্যানে মালামাল তুলছিলেন। এ সময় আনুমানিক ১৭ থেকে ১৮ বছর বয়সী দুই যুবক সেখানে এসে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে এবং একটি উদ্বোধনী ব্যানার টানিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
সরেজমিনে দেখা যায়, টানানো ব্যানারটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নামে করা হয়েছে। ব্যানারে উল্লেখ রয়েছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তার ধারাবাহিকতায় অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে কার্যালয়টিতে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম চোখে পড়েনি। দীর্ঘ বিরতির পর হঠাৎ পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টানানোয় এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, পতাকা উত্তোলনের খবর পেয়ে থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
