বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে নগদ অর্থ ও নির্বাচনী স্লিপসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাধবপাশা এলাকায় নিয়মিত টহলের সময় এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর একটি দল সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের থামায়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২ হাজার টাকা এবং বেশ কিছু নির্বাচনী স্লিপ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হুমায়ুন গাজী ও এনায়েত কাজী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন বলে জানা গেছে।
সেনা সূত্র জানায়, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয় এবং তাঁর উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। উদ্ধারকৃত অর্থ ও স্লিপের উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
ন্যাশনিক্স/এলকে
