ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের রাতে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দেওয়া এক বিবৃতিতে তিনি প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং নিরাপত্তা অবহেলার অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
প্রার্থী মোস্তফার দাবি, প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন। গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে আবেদন করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। কিছু প্রার্থী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি। এ বিষয়ে তিনি যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দেন। তবে অভিযোগের নিষ্পত্তিতে বিলম্ব ও পক্ষপাতের অভিযোগও করেন।
মোস্তফার দাবি, জেলার ১৮৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় তিনি উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তার কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ন্যাশনিক্স/এলকে
