লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় স্থাপিত একটি চেকপোস্টে অভিযান চালিয়ে জেলা কৃষকদলের এক নেতার ব্যবহৃত গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল। স্থানীয় ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭ নম্বরের একটি গাড়িতে বদরুল ইসলাম শ্যামলসহ তিনজন যাত্রী ছিলেন। তল্লাশির সময় গাড়ি থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অর্থ ও গাড়িটি জব্দ করে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য লক্ষ্মীপুর জজ আদালতে নেওয়া হয়। আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন আধাঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে ছেড়ে দেওয়া হলেও অর্থের উৎস ও বৈধতা যাচাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
বদরুল ইসলাম শ্যামল জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং শহরের একটি ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ নগদ অর্থ পরিবহন প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও সংশ্লিষ্ট নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায় নি।
ন্যাশনিক্স/এলকে
