টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার মেঘার পটল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বামী।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা হলেন একই এলাকার ইব্রাহীমের ছেলে শহিদুল (৩০), আনোয়ার হোসেনের ছেলে সোহেল (২৫), আলী আকবর মুন্সির ছেলে এনামুল (৩২) ও আকবর ফকিরের ছেলে আল আমিন (৩০)।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা নাজমুল নামের এক ব্যক্তির বাড়িতে ভোটের প্রচারণার জন্য যান। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহবধূ তাদের চলে যেতে বলেন। অভিযোগ রয়েছে, তারা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। গৃহবধূ জানালে যে তিনি ভোটার নন এবং তার পরিবারের সদস্যরা ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন, তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এক পর্যায়ে শহিদুল নামের একজন তাকে জোর করে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। অন্যরা তার কাপড় টেনে খুলে ফেলার চেষ্টা করে এবং দলবদ্ধভাবে শ্লীলতাহানির চেষ্টা চালায়। গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় বিষয়টি প্রকাশ করলে অপহরণ ও নির্যাতনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেমরাজুল ইসলাম রুবেল জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
ন্যাশনিক্স/এপি
