ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী ‘হাদির পরিবারের কেউ নন’

অবশ্যই পরুন

ঢাকা-১১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের একটি নির্বাচনী সমাবেশে এক নারী বক্তার পরিচয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ওই নারী নিজেকে শহীদ শরীফ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে এক প্রার্থীর পক্ষে ভোট চান।

রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতার সময় শবনম খাদিজা নামের ওই নারী নিজেকে শহীদ ওসমান হাদির বোন হিসেবে পরিচয় দেন এবং নাহিদ ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন।

সমাবেশের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, বক্তৃতা দেওয়া ওই নারী তাঁদের পরিবারের কেউ নন। তিনি বলেন, ওসমান হাদি জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং তাঁর নাম রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান।

রাবেয়া ইসলাম শম্পার ওই বক্তব্য শেয়ার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি মন্তব্যে জানান, পরিবারের তথ্যমতে শহীদ ওসমান হাদির তিন বোনের মধ্যে বক্তৃতা দেওয়া নারী কেউ নন।

তবে শবনম খাদিজা কে, কিংবা তিনি কীভাবে ওই পরিচয় ব্যবহার করলেন সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকেও আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ