এবারের একুশে পদক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। বিশেষ করে সাহিত্যে একুশে পদক না দেওয়াকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এর মধ্যেই এক ভিন্নধর্মী মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
সাবেক উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার অনুরোধ জানিয়েছেন। নিজের পোস্টকে ‘সিরিয়াস’ উল্লেখ করে তিনি বলেন, সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার জন্য তিনি বিশেষ আবেদন জানাচ্ছেন।
ফেসবুক পোস্টে আব্দুন নূর তুষার দাবি করেন, সালমান মুক্তাদির ইংরেজি অক্ষরে বাংলা লেখার মাধ্যমে একটি নতুন ধারার সূচনা করেছেন এবং এটিকে তিনি উল্লেখযোগ্য অবদান হিসেবে দেখছেন।
উল্লেখ্য, সালমান মুক্তাদির সামাজিক মাধ্যমে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সরব থাকলেও বাংলা অক্ষরে লেখায় তার অনাগ্রহ নিয়ে আগেও সমালোচিত হয়েছেন। তিনি সাধারণত ইংরেজি হরফ ব্যবহার করে বাংলা বাক্য লেখেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কটাক্ষের শিকার হন।
এই প্রেক্ষাপটে আব্দুন নূর তুষারের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে ব্যঙ্গাত্মক বলে মনে করছেন, আবার কেউ কেউ এটিকে একুশে পদকের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলার কৌশল হিসেবেও দেখছেন।
এদিকে সরকারিভাবে ঘোষিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক পাচ্ছেন মোট ১০ জন। তাদের মধ্যে রয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু (মরণোত্তর) এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতা।
ন্যাশনিক্স/এলকে
