নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় প্রায় ২০০ জন নিহত

অবশ্যই পরুন

নাইজেরিয়ার পশ্চিম ও উত্তরাঞ্চলে পৃথক বন্দুকধারী হামলায় অন্তত দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমাঞ্চলীয় ক্বোয়ারা রাজ্যের ওরো গ্রামে ভয়াবহ হামলায় প্রায় ১৭০ জন গ্রামবাসী নিহত হন। এর কিছুক্ষণ পরই উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে আরেকটি হামলায় আরও অন্তত ২১ জনকে গুলি করে হত্যা করা হয়।

ক্বোয়ারার স্থানীয় আইনপ্রণেতা সাইদু বাবা আহমেদের বরাতে জানা গেছে, হামলাকারীরা গ্রামবাসীদের ধরে হাত বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। পরে তারা বসতঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয়। হামলার পর থেকে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম এবং মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিহতের সংখ্যা ১৭০-এর বেশি বলে জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে এটি নাইজেরিয়ার অন্যতম ভয়াবহ গণহত্যার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দেশটি দীর্ঘদিন ধরেই গভীর নিরাপত্তা সংকটে রয়েছে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম এবং ইসলামিক স্টেট–ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর সক্রিয়তা অব্যাহত রয়েছে, পাশাপাশি উত্তর-পশ্চিমাঞ্চলে অপহরণ ও সশস্ত্র হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

ওরো গ্রামের বাসিন্দাদের ধারণা, হামলাটি বোকো হারামের সঙ্গে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী চালিয়ে থাকতে পারে। সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ হতে পারে বলে তারা মনে করছেন। উল্লেখ্য, নাইজেরিয়ার সামরিক বাহিনী গত মাসে সশস্ত্র গোষ্ঠীবিরোধী সমন্বিত অভিযানে অন্তত ১৫০ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছিল।

অন্যদিকে কাটসিনা রাজ্যে ছয় মাস ধরে চলা একটি শান্তিচুক্তি ভেঙে যাওয়ার পর নতুন করে সহিংসতা শুরু হয়েছে। সেখানে সশস্ত্র দলগুলো ঘরে ঘরে ঢুকে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পর্যাপ্ত আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সক্ষমতার অভাবে এসব গোষ্ঠী গ্রামাঞ্চলে প্রায় বাধাহীনভাবে চলাচল করছে।

এ পরিস্থিতিতে নাইজেরিয়া সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে। গত বছরের ডিসেম্বরে মার্কিন বাহিনীর সন্ত্রাসবিরোধী হামলার পর সাম্প্রতিক হত্যাকাণ্ড মোকাবেলায় সহায়তার জন্য নতুন করে মার্কিন সামরিক কর্মকর্তারা দেশটিতে পৌঁছেছেন।

স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত সশস্ত্র গোষ্ঠীগুলোর পুনরুজ্জীবিত তৎপরতায় নাইজেরিয়ার সাধারণ মানুষের নিরাপত্তা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ