ভারত ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবিকে সতর্ক করলো আইসিসি

অবশ্যই পরুন

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করার বিষয়ে পাকিস্তান সরকারের ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত–পাকিস্তান ম্যাচটি, যা টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিকভাবে মূল্যবান ম্যাচ হিসেবে বিবেচিত। পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ম্যাচটি বয়কটের ইঙ্গিত দেওয়ার প্রায় তিন ঘণ্টা পর এক বিবৃতিতে আইসিসি জানায়, তারা পিসিবির কাছ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান পায়নি।

আইসিসির বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকারের ‘নির্বাচিতভাবে অংশগ্রহণের’ সিদ্ধান্ত তারা নোট করেছে। তবে পিসিবির আনুষ্ঠানিক যোগাযোগ ছাড়া বিষয়টি স্পষ্ট নয়।

 সংস্থাটি মনে করে, নির্বাচিত ম্যাচে অংশ না নেওয়া বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মৌলিক নীতির পরিপন্থী, যেখানে সব যোগ্য দল নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে অংশ নেয়।

আইসিসি আরও জানায়, তাদের টুর্নামেন্ট পরিচালিত হয় ক্রীড়াসুলভ সততা, ন্যায্যতা, ধারাবাহিকতা ও প্রতিযোগিতার চেতনার ভিত্তিতে। কোনো ম্যাচ বয়কট করা হলে প্রতিযোগিতার মর্যাদা ও স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নীতিনির্ধারণে সরকারের ভূমিকার প্রতি আইসিসি সম্মান দেখায়। তবে এ ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থা, পাকিস্তান ক্রিকেট এবং বিশ্বের কোটি কোটি দর্শকের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আইসিসি জানায়, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করাই তাদের প্রধান লক্ষ্য। এই দায়িত্ব পিসিবিসহ সব সদস্য দেশের। সে কারণে তারা আশা করছে, পিসিবি দীর্ঘমেয়াদি ক্রিকেটীয় স্বার্থ বিবেচনায় নিয়ে এমন একটি সমাধান খুঁজবে, যা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য হবে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় গত ২৪ জানুয়ারি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। ওই সিদ্ধান্তের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি আইসিসির বিরুদ্ধে ভারতের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন এবং জানান, পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। ভারত ও শ্রীলংকা যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করছে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলংকায়।

সূচি অনুযায়ী, পাকিস্তান ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পাকিস্তান স্বয়ংক্রিয়ভাবে ওই ম্যাচের দুই পয়েন্ট হারাবে।

আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, বয়কটের ফলে পাকিস্তানের নেট রান রেট ক্ষতিগ্রস্ত হবে। নিয়ম ১৬.১০.৭ অনুযায়ী, ম্যাচে অংশ না নিলে ডিফল্ট করা দলের পুরো ২০ ওভার তাদের নেট রান রেটের হিসাবে যোগ হবে। তবে এ ক্ষেত্রে ভারতের নেট রান রেটে কোনো প্রভাব পড়বে না।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ