আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে অংশ নিয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
সাত ম্যাচের সবকটিতে জয় পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবেই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে বাংলাদেশ। এবার দলের লক্ষ্য মূল আসরে ভালো কিছু করে দেখানো।
বিশ্বকাপকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি জানান, শুধু অংশগ্রহণ নয়, ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। নিগার বলেন, দল সেখানে জয় চায় এবং দেশের জন্য একটি প্রভাবশালী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দিতে চায়।
বিশ্বকাপের আগে প্রস্তুতি আরও শক্ত করতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, কোনো ফ্রাঞ্চাইজি লিগ বা শক্তিশালী টুর্নামেন্ট খেলতে পারলে দল মানসিক ও কৌশলগতভাবে আরও উজ্জীবিত হবে, যা বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়ক হবে।
নেপালে অপরাজিতভাবে বাছাইপর্ব শেষ করার পেছনে পুরো দলের অবদান তুলে ধরে নিগার বলেন, শুরুতে লক্ষ্য ছিল বিশ্বকাপে কোয়ালিফাই করা। তবে মনে মনে দল চেয়েছিল টুর্নামেন্টটি অপরাজিতভাবে শেষ করতে, আর সেই লক্ষ্য পূরণ করতে পেরেছে মেয়েরা। এই সাফল্যের পুরো কৃতিত্বই দলের সবাইকে দেন তিনি।
বিশ্বকাপের মূল মঞ্চে এখন নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলাদেশ নারী দল।
