চলতি ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে সে সিদ্ধান্ত জানা যাবে আজ সোমবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বিকেলে এক মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য তালিকা ঘোষণা করবে।
রোববার বিইআরসি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ সোমবার বিকেল ৩টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হবে।
এর আগে গত ৪ জানুয়ারি সবশেষ এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়।
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আজকের ঘোষণার পর থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।
