পশ্চিমা গণমাধ্যমে আত্মগোপনের গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে এসে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর কোনো হামলা চালানো হলে তার পরিণতি হবে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ।
সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েন প্রসঙ্গে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারবার যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলছেন। তবে ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। তারা ন্যায্য সংঘর্ষে কখনো ভীত হয় না।
তিনি আরও বলেন, ইরান কখনো সংঘাত শুরু করে না। কিন্তু দেশটির ওপর কেউ হামলা চালালে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে খামেনি বলেন, ইরানে হামলা চালালে এবার তার ফল হবে অত্যন্ত ভয়াবহ। মার্কিনিদের এটা জেনে রাখা উচিত যদি তারা যুদ্ধ শুরু করে, তবে সেটি আর সীমিত থাকবে না; তা রূপ নেবে আঞ্চলিক যুদ্ধে।
এদিকে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি।
