পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় সাবেক দুই উপদেষ্টা

অবশ্যই পরুন

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এর কাছে পদত্যাগপত্র জমা দেন উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও মাহফুজ আলম। সে সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই পদত্যাগপত্র গৃহীত হবে।

১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। এরপর ২৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীর পদত্যাগের বিষয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হলেও আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ কার্যকর হলেও সরকারি বাসা ছাড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পদত্যাগের প্রায় ৫০ দিন পার হলেও এই দুই সাবেক উপদেষ্টা এখনো সরকারি বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। হেয়ার রোডের ‘নিলয়-৬’ নামের সরকারি বাসায় গিয়ে দায়িত্বরত কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, আসিফ মাহমুদ এখনো ওই বাসা ব্যবহার করছেন। যদিও তিনি দাবি করেছেন, প্রায় এক মাস আগে সরকারি বাসা ছেড়ে পরিবাগের একটি বাসায় বসবাস করছেন।

অন্যদিকে, মাহফুজ আলম বর্তমানে হেয়ার রোডের ‘উত্তরায়ণ-৩’ নম্বর ডুপ্লেক্স বাংলোতে অবস্থান করছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনের আগেই তিনি সরকারি বাসা ছেড়ে দেবেন। নীতিমালায় এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা না থাকলেও তিনি নিজ উদ্যোগে বাসা ছাড়বেন বলে জানান।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, উপদেষ্টা বা মন্ত্রীদের ক্ষেত্রে সরকারি বাসা ছাড়ার নির্দিষ্ট সময়সীমা নীতিমালায় উল্লেখ নেই। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পদত্যাগের পরও সরকারি বাসা ব্যবহার করায় সাবেক এই দুই উপদেষ্টার বিষয়ে নীতি ও নৈতিকতার প্রশ্ন উঠেছে। সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, অতীতে পদত্যাগের পরপরই সরকারি বাসা ও সুযোগ–সুবিধা ছেড়ে দেওয়ার নজির রয়েছে। বর্তমান বাস্তবতায় এমন আচরণ রাজনৈতিক ও নৈতিক শুদ্ধতার দৃষ্টান্ত হতে পারত।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ