টি–টোয়েন্টি বিশ্বকাপে না গেলেও দিল্লির শুটিং চ্যাম্পিয়নশিপে যাচ্ছে বাংলাদেশ

অবশ্যই পরুন

নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ–এ বাংলাদেশ ক্রিকেট দল অংশ না নিলেও, দিল্লিতে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে অনুমতি দিয়েছে সরকার। এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ–এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ শুটিং দলকে সরকারি অনুমোদন (জিও) দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় আয়োজন করা হচ্ছে, ফলে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি নেই বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম জানান, বাংলাদেশ দলের সদস্যসংখ্যা খুবই সীমিত। দলে একজন খেলোয়াড় ও একজন কোচ রয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং সবদিক বিবেচনা করেই এই সফরের অনুমোদন দেওয়া হয়েছে।

এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন জাতীয় শুটার রবিউল ইসলাম। তার ইভেন্ট অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। কোচ হিসেবে দলের সঙ্গে থাকছেন শারমিন আক্তার। নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় বিশেষ পাসপোর্ট সুবিধায় রবিউল ইসলাম ভিসা ছাড়াই সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন, তবে কোচ শারমিন আক্তারকে ভিসা গ্রহণ করতে হবে।

আগামী ৩১ জানুয়ারি দিল্লির উদ্দেশে বাংলাদেশ শুটিং দলের রওনা দেওয়ার কথা রয়েছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।

শুটিং প্রতিযোগিতায় অস্ত্র ও গুলি বহনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। এ বিষয়ে যুব ও ক্রীড়া সচিব জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সরকারি অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ