বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মাঝেই পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

অবশ্যই পরুন

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে বয়কটের গুঞ্জন ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নিজেদের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে Pakistan Cricket Board। আসন্ন এই বৈশ্বিক আসরে পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান আলী আঘা।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কোয়াডের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর ও জাতীয় নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ এবং দলের অধিনায়ক সালমান আঘা। পাকিস্তান পড়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের প্রথম ম্যাচ আগামী ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে।

ঘোষিত দলে একাধিক নতুন মুখ জায়গা পেয়েছেন। প্রথমবারের মতো আইসিসির কোনো মেগা টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন সালমান আঘা, ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক। পাশাপাশি বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও ফখর জামানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অন্তর্ভুক্তিতে দলটির ভারসাম্য বজায় রাখা হয়েছে।

এদিকে নাসিম শাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদের মতো খেলোয়াড়রা আগের বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে দলে বাড়তি গভীরতা যোগ করবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্কোয়াড ঘোষণার পাশাপাশি বিশ্বকাপ বয়কট নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও একই পথে হাঁটতে পারে এমন গুঞ্জন ছড়িয়েছে পাকিস্তানি গণমাধ্যমে। দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ প্রকাশ্যে বিশ্বকাপ বয়কটের পক্ষে মত দিয়েছেন।

পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠিও বিষয়টিতে সমর্থনের কথা জানিয়েছেন। তিনি বলেন, বোর্ড সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সেটিকে তিনি ন্যায্য অবস্থান হিসেবেই দেখবেন।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ICC T20 World Cup 2026। এবারের আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে, যা অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ