পারফরম্যান্সের সময় হেনস্তার অভিযোগ করলেন মৌনী রায়

অবশ্যই পরুন

ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে প্রকাশ্যে শারীরিক ও মৌখিক হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায় এমন অভিযোগ তুলেছেন তিনি নিজেই। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী।

মৌনী রায় জানান, মঞ্চে ওঠার আগেই দর্শকদের মধ্য থেকে দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। তিনি তাৎক্ষণিকভাবে আপত্তি জানিয়ে তাদের হাত সরাতে বললেও পরিস্থিতির উন্নতি হয়নি। পরে পারফরম্যান্স চলাকালীন সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা তার উদ্দেশে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তিনি দর্শকদের সংযত হতে বলার পর তারা মঞ্চের দিকে গোলাপ ফুল ছুড়ে মারতে শুরু করেন। পুরো ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন মৌনী রায়। তিনি বলেন, পরিস্থিতিটি এতটাই অস্বস্তিকর ছিল যে অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছিলেন, তবে পেশাদার দায়িত্ববোধের কারণে শেষ পর্যন্ত পারফরম্যান্স সম্পন্ন করেন।

ঘটনার পর নিজের অভিজ্ঞতা শেয়ার করে মৌনী রায় বলেন, একজন প্রতিষ্ঠিত শিল্পীকেও যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে নতুন বা সাধারণ মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তিনি আরও বলেন, শিল্পীদের তাদের কাজের মাধ্যমেই সম্মান দেওয়া উচিত এবং এ ধরনের অশোভন আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করা মৌনী রায় বর্তমানে বলিউডে সুপ্রতিষ্ঠিত একজন অভিনেত্রী। তার এই অভিযোগ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং নারী নিরাপত্তা ও জনসম্মান বিষয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ