ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বিসিবির সম্ভাব্য ক্ষতি ৩৩০ কোটি টাকা

অবশ্যই পরুন

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই অবস্থান নেওয়া হলেও, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশের ক্রিকেট প্রশাসন।

বিশ্বকাপে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি থেকেই বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। শুধু অংশগ্রহণ ফি হিসেবেই আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বিসিবির পাওয়ার কথা ছিল প্রায় ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকার বেশি।

এর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিশ্বকাপ না খেললে বিসিবির মোট আর্থিক ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। ভারতীয় সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কারণে বিসিবির বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে।

একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্ভাব্য আর্থিক ক্ষতি দাঁড়াতে পারে প্রায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকার সমান। এই ক্ষতির মধ্যে সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং চলতি অর্থবছরের সম্ভাব্য বাণিজ্যিক আয়ের বড় অংশ অন্তর্ভুক্ত রয়েছে।

আইসিসি এরই মধ্যে বাংলাদেশকে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছিল। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না পাওয়ায় র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে।

এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নিরাপত্তা বিষয়ে আইসিসির মূল্যায়ন বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়। সরকারের অবস্থান অনুযায়ী, খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকিতে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ