আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। তবে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হলে অংশগ্রহণে আপত্তি নেই বলে জানিয়েছে বিসিবি।
বুধবার বিসিবি ও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, অন্য দেশে গিয়ে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি আছে কি না এটি সরকার বিবেচনা করে দেখে। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের, অন্য কোনো পক্ষের নয়।
এর আগে বাংলাদেশকে নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করে আইসিসি। বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতে রাজি না হয়, তাহলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিনের সময়ও বেঁধে দেয় আইসিসি।
আইসিসির ওই বৈঠকে ভেন্যু পরিবর্তনের বিষয়ে ভোটাভুটি হয়। সেখানে পাকিস্তান ছাড়া প্রায় সব বোর্ড বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। অধিকাংশ প্রতিনিধি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলানোর পক্ষে মত দেন।
তবে এসব চাপের মধ্যেও বিসিবি নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। নিরাপত্তা ইস্যুতে ছাড় না দেওয়ার সিদ্ধান্তেই অটল রয়েছে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড।
ন্যাশনিক্স/এলকে
