দেশের সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১ ফেব্রুয়ারি থেকেই ফ্যাক্টরিগুলো বন্ধ রাখা হবে এবং বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের ঋণ পরিশোধ করাও সম্ভব নয়। তার ভাষায়, মালিকদের আর্থিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে।
তিনি আরও জানান, সুতা শিল্পের মালিকদের মূলধন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এমনকি সব সম্পত্তি বিক্রি করলেও ব্যাংকের দেনা শোধ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
বিটিএমএ সভাপতির অভিযোগ, সংকট সমাধানে বিভিন্ন সরকারি দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বাস্তব সমাধান মেলেনি। বরং এক দপ্তর থেকে অন্য দপ্তরে দায় ঠেলে দেওয়া হচ্ছে।
আমলাতান্ত্রিক জটিলতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো দায়িত্ব এড়িয়ে চলছে, যার ফলে সুতা শিল্প এখন অস্তিত্ব সংকটে পড়েছে।
ন্যাশনিক্স/এলকে
