নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের মতো বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে যেতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ধারাবাহিক চাপের কড়া সমালোচনা করেন। সুশীলা কারকি বলেন, রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত সরকারকে কঠোরভাবে আক্রমণ করছে এবং কেউ কেউ নিয়মিত সরকার ছাড়ার হুমকি দিচ্ছে। একই সঙ্গে জেন-জি তরুণদের একটি অংশ প্রতিদিনই সরকার পদত্যাগের দাবি জানাচ্ছে।
অন্তর্বর্তী সরকারকে একটি ‘আকস্মিক ঝড়ের’ সঙ্গে তুলনা করে তিনি বলেন, কাজ করার সুযোগ দেওয়ার পর এখন সরে দাঁড়াতে বলাটা অপমানজনক। তার ভাষায়, “সরকার ছাড়ার অর্থ কী এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর কেউ দিচ্ছে না।”
তিনি আরও জানান, তরুণ সমাজ ও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিনিয়ত কটুকথা ও গালিগালাজ শুনতে হচ্ছে। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমরা যেন পেন্ডুলামের মতো হয়ে গেছি। সব বাধা ও অপমান সহ্য করেও ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছি।”
সুশীলা কারকি উল্লেখ করেন, প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ বিভিন্ন ধরনের দাবি নিয়ে সরকারের কাছে আসছে। তিনি বলেন, “আমরা যেখানেই যাই, কোথাও শান্তি পাচ্ছি না।”
শেষে তিনি স্পষ্ট করে জানান, তার প্রশাসন নেপালকে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় না। তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ নেপালকে বাংলাদেশ হতে দেব না। আমরা বাংলাদেশ চাই না।”
সূত্র: হেডলাইন নেপাল
