রাজধানীতে মুখোশ পরে থানায় ঢুকে বাইক চুরি, হতবাক পুলিশ

অবশ্যই পরুন

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে চারটার দিকে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজে মুখোশধারী দুই ব্যক্তিকে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা গেছে।

থানা সূত্রে জানা যায়, চুরি হওয়া মোটরসাইকেলটি ইয়ামাহা কোম্পানির এফজেডএস ভার্সন–২ মডেলের কালো রঙের একটি বাইক। এটি ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজের ব্যবহৃত মোটরসাইকেল ছিল। বাইকটি থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল।

প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোরের দিকে দুই ব্যক্তি মুখোশ পরে থানার আশপাশে ঘোরাফেরা করেন। একপর্যায়ে একজন থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙেন, অন্যজন বাইরে অবস্থান নিয়ে পাহারা দেন। পরে দুজন মিলে মোটরসাইকেলটি ঠেলে থানা এলাকা থেকে বের করে নিয়ে যান।

এএসআই মো. ফিরোজ জানান, শুক্রবার রাতে তিনি থানার ভেতরে মোটরসাইকেলটি রেখে বাইরে দায়িত্ব পালন করছিলেন। সকালে ফিরে এসে মোটরসাইকেলটি না পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। তখনই তিনি চুরির বিষয়টি নিশ্চিত হন। মোটরসাইকেলের সঙ্গে রাখা তার হেলমেটটিও চোরেরা নিয়ে গেছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, মোটরসাইকেলটিতে একটি জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। তবে চোরেরা থানার বাইরের একটি গলিতে নিয়ে গিয়ে সেটি খুলে ফেলে। ফলে বর্তমানে বাইকটির অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

তবে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক থানার ভেতর থেকে চুরির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, মোটরসাইকেলটি থানার বাইরে একটি গ্যারেজ থেকে চুরি হয়েছে। পুলিশ বাইকটি উদ্ধারে কাজ করছে বলে জানান তিনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ