আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম লা নাসনসহ বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এসইউভি গাড়ি চালানোর সময় হঠাৎ শারীরিক অসুস্থতায় আক্রান্ত হলে দুর্ঘটনাটি ঘটে। এতে মারিয়া সোলের শরীরে একাধিক আঘাত লাগে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় তার মেরুদণ্ডের দুটি কশেরুকা ভেঙে গেছে। পাশাপাশি গোড়ালি ও কব্জিতে ফ্র্যাকচার হয়েছে এবং শরীরের কয়েকটি স্থানে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে চিকিৎসকদের মতে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত এবং নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণে রয়েছেন।
জানা যায়, পেশাগতভাবে মারিয়া সোল একজন ফ্যাশন ডিজাইনার। তিনি নিজের একটি ফ্যাশন ব্র্যান্ড পরিচালনা করেন এবং ভাই লিওনেল মেসির একাধিক প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সাধারণত প্রচারের বাইরে থাকতে পছন্দ করেন।
গণমাধ্যমের বরাতে মেসির মা জানান, মারিয়া সোল ইতোমধ্যেই আর্জেন্টিনার রোসারিওতে ফিরে গেছেন। পুনর্বাসনের পুরো সময়জুড়ে পরিবার তার পাশে রয়েছে বলেও তিনি জানান।
ন্যাশনিক্স/এজে
