নোয়াখালীর বেগমগঞ্জে একটি পারিবারিক কবরস্থান থেকে সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজি বাড়ির কবরস্থানের একটি ভাঙা কবরে এসব অস্ত্র পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সকালে কবরস্থান পরিষ্কার করার সময় তাঁরা একটি বস্তাবন্দী ব্যাগ দেখতে পান। ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে।
ব্যাগটি খুলে দেখা যায় ভেতরে রয়েছে ৬টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ১টি দেশীয় তৈরি পাইপগান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র এখন চন্দ্রগঞ্জ থানার হেফাজতে রয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এপি
