কক্সবাজারের টেকনাফে খেলার সময় অস্ত্রধারী দুর্বৃত্তদের হাতে অপহৃত হয়েছে চার শিশু-কিশোর। প্রথমে ছয়জনকে ধরে নিয়ে গেলেও পরবর্তীতে দু’জন দুর্বৃত্তদের কবল থেকে কৌশলে পালিয়ে আসে। বাকি চারজন এখনো তাদের হাতেই আটকে রয়েছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ।
অপহৃতরা হলেন মো. মামুন (১৭), পিতা অছিউর রহমান, আনোয়ার হোসেন (১৪), পিতা আবুল কাশেম, গিয়াস উদ্দিন (১৫), পিতা মো. ইসলাম, আবু বক্কর ছিদ্দিক (১৩), পিতা মো. হাসান
পালিয়ে আসা দুই কিশোর: ইসমাইল (১৭), পিতা-মো. আব্দুল্লাহ, মো. শাহীন (১৩), পিতা- আয়ুব আলী
ইউপি সদস্য হাফেজ আহমদ জানান, সন্ধ্যায় স্থানীয় কয়েকজন শিশু-কিশোর মাঠে খেলছিল। হঠাৎ পাহাড় থেকে নেমে আসা একদল অস্ত্রধারী তাদের জিম্মি করে গহীন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। কিছুক্ষণ পর দুইজন সুযোগ পেয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। খবর পেয়ে তিনি ও স্থানীয়রা পুলিশকে জানান এবং পাহাড়ে উদ্ধার অভিযান শুরু করেন।
এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া না গেলেও পুলিশ তথ্য সংগ্রহের পাশাপাশি নিখোঁজ শিশুদের উদ্ধারে কাজ করছে।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬৪ জনকে অপহরণ করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি এদের অধিকাংশই মুক্তিপণ দিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে।
ন্যাশনিক্স/এপি
