স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ২০২৫ সালের মহান বিজয় দিবসেও আনুষ্ঠানিক প্যারেড অনুষ্ঠিত হবে না। তবে দিবসকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই বলেও তিনি জানিয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত নিরাপত্তা–সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
তিনি বলেন, শেখ হাসিনার মামলার রায় বা বিজয় দিবসের কর্মসূচিকে ঘিরে কোনো অস্থিরতার শঙ্কা নেই। আগের বছরের মতো এবারও দিবসটি একইভাবে পালন করা হবে, বরং নানা কর্মসূচির সংখ্যা আরও বাড়ানো হবে। গতবার যেমন প্যারেড হয়নি, এবারও তা অনুষ্ঠিত হচ্ছে না।
ডিবি পরিচয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই এক সাংবাদিককে বাসা থেকে নিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, বিষয়টি তার জানা ছিল না; তদন্তের পর তিনি বিস্তারিত জানাতে পারবেন।
গত বছর জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে হয়নি। এর পরিবর্তে ‘বিজয় মেলা’ আয়োজন করা হয়েছিল।
ন্যাশনিক্স/এজে
