আইসিটি ক্যাঙ্গারু কোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও প্রহসনমূলক মামলার সাজানো রায় আমরা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করি।
আমরা গভীর ক্ষোভ ও দুঃখের সাথে দেশবাসীকে জানাতে চাই যে, বাংলাদেশের সুপ্রিমকোর্টের আইসিটি ক্যাঙ্গারু কোর্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও প্রহসনমূলক মামলার সাজানো রায়ের আয়োজন করেছেন। ঠিক ১৯৬৮ সালে এরকমই এক প্রেক্ষাপটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী ফাঁসির রায় ঘোষণা করেছিলো; তাদের সেই ইচ্ছা কখনোই পূর্ণ হয় নি। তারা মনে করেছিলো যে, বঙ্গবন্ধুকে হত্যা করার এই বিচারিক আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে দিবে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতার স্বপ্নকে ধূলিসাৎ করে দিবে। কিন্তু ইতিহাসের অমর লেখনে লিখিত হয় ‘৬৯ এর গণঅভ্যুত্থান এবং পতন হয় সামরিক শাসক আইয়ুব খানের। জনপ্রিয়তার চূড়ায় গিয়ে বাংলার জনগণের অবিসংবাদিত নেতা শেখ মুজিব হন বঙ্গবন্ধু। ঠিক একইভাবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের চার দশকের বেশি সময় ধরে সভাপতি, আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার ও চারবার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে আইসিটি ক্যাঙ্গারু কোর্টে চলমান মিথ্যা, বানোয়াট ও প্রহসনের বিচার তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।
গত ০৫ আগস্ট ২০২৪ এ বাংলাদেশের আজন্ম অপরাজেয় রাজনীতিবিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যালটের মাধ্যমে পরাজিত করতে না পেরে ষড়যন্ত্রকারীরা সন্ত্রাস, জঙ্গি হামলা ও প্রাসাদ ষড়যন্ত্রের পথ বেছে নিয়ে তাকে দেশত্যাগে বাধ্য করে। এরপর শুরু হয় তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও প্রহসনমূলক শত শত সাজানো হত্যা মামলার নাটক, যার একটির রায় আইসিটি ক্যাঙ্গারু কোর্টে আগামীকাল ১৭ নভেম্বর ২০২৫ – এ ঘোষিত হতে যাচ্ছে। যেখানে গত কয়েকমাস ধরে জনগণ অবৈধ ক্যাঙ্গারু কোর্টের বিচারের সাজানো রায় ইতোমধ্যে প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে, সেখানে এই ধরনের প্রহসনমূলক বিচার ও তার পক্ষপাতদুষ্ট রায় ঘোষণা দেশে গৃহযুদ্ধ শুরুর নামান্তর।
আমরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত, সমৃদ্ধ ও উদ্ভাসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ও প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতিনিধি নীল দল দৃঢ়তার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি ক্যাঙ্গারু কোর্টের এই বিচারের সাজানো রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশে এই ধরনের মিথ্যা, বানোয়াট, পক্ষপাতদুষ্ট ও ন্যায়বিচারের পরিপন্থী সাজানো রায় ঘোষণা করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই। আইসিটি ক্যাঙ্গারু কোর্টের এই ধরনের মিথ্যা প্রহসনমূলক বিচার ও সাজানো রায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে কলঙ্কিত করেছে; ইতিহাসের শিক্ষা বলে, এর পরিণতি হবে ভয়াবহ। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
বিনীত,
অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন
আহ্বায়ক, নীল দল কেন্দ্রীয় কমিটি,ঢাকা বিশ্ববিদ্যালয়।
অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন
আহ্বায়ক, নীল দল কেন্দ্রীয় কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়
