বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (সহকারী পরিচালক ব্যাচ-১৯) নাঈম রহমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালবেলায় নিয়মিত সময়েই তিনি বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে প্রবেশ করেন, কিন্তু দুপুরের পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, দুপুরের কিছু পর তিনি অফিসের টেবিলে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে কোথাও বেরিয়ে যান। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, এবং কেউ তার অবস্থান জানতে পারেনি।
প্রযুক্তিগতভাবে সর্বশেষ তার মোবাইল ফোনের অবস্থান পাওয়া যায় সায়দাবাদ এলাকায়, দুপুর ১২টা ৫৩ মিনিটে। ওই সময় তিনি এক সহকর্মীকে একটি বার্তা পাঠান, যেখানে ইঙ্গিত মেলে তিনি মানসিক চাপে ছিলেন। শেষ মেসেজে তিনি তার ছোট বোনের চাকরির বিষয়ে অনুরোধ করে লেখেন, “এটাই হয়তো আমার শেষ চাওয়া।”
পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, তিনি হয়তো কোনো অঘটনের শিকার হয়েছেন কিংবা আত্মগোপনে গেছেন। তার মা, স্ত্রী, এক কন্যা ও ছোট বোন রয়েছেন,এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে পুরো ব্যাংক জুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সহকর্মীরা জানান, নাঈম রহমান সবসময় নীরব প্রকৃতির মানুষ ছিলেন, তবে সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তার পরিবার ও ব্যাংক কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ জানিয়েছে,যদি কেউ নাঈম রহমানের অবস্থান বা কোনো তথ্য জানতে পারেন, তবে নিকটস্থ থানায় অথবা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার জন্য।
