পিরোজপুরের মঠবাড়িয়ায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করে ‘জয় বাংলা’ ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার বড় হারজি এলাকার বিএনপি কার্যালয়ে তিন কিশোর প্রবেশ করে স্লোগান দেয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় কর্মী-সমর্থকরা তাদের আটক করে পুলিশে দেন।
গ্রেপ্তাররা হলেন পাঠাকাটা গ্রামের আল আমিনের ছেলে অলি (১৫), নূরুল হকের ছেলে রাকিবুল ইসলাম (১৫) এবং খলিলুর রহমানের ছেলে জুবায়ের (১৬)।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কিশোরদের থানায় আনা হয়। এ ঘটনায় অফিসে অনধিকার প্রবেশ ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, এটি তাদের মূল অফিস নয়, স্থানীয়দের বসার জায়গা হিসেবে ব্যবহার করা হয়। কিছু লোক সুযোগ নিয়ে কিশোরদের দিয়ে ঘটনাটি ঘটিয়েছে বলে তারা দাবি করেন।
