বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এখন নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ওপর। প্রায় সতেরো বছর ধরে লন্ডনে অবস্থান করা বিএনপির এই শীর্ষ নেতাকে ঘিরে দলের ভেতরে নানা আলোচনাই চলছে।
দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নভেম্বরের শেষের দিকে তারেক রহমান ও তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একসঙ্গে ওমরা পালন করবেন। ওমরাহ শেষে তাঁরা লন্ডনে ফিরে এসে সেখান থেকেই দেশে ফেরার পরিকল্পনা করছেন। যদিও তারেক রহমানের ফেরার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
দলের সিনিয়র নেতারা বলছেন, নির্বাচনের সময়সূচি ঘোষণার পরই তাঁর দেশে ফেরার তারিখ নির্ধারিত হবে। তফসিল ঘোষণার এক বা দুই দিন আগেই দেশে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির বহু নেতা-কর্মীও ওমরাহ পালনের প্রস্তুতি নিচ্ছেন, যেন তাঁরা প্রিয় নেতার সঙ্গে সৌদি আরবে দেখা করতে পারেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। ভোটগ্রহণ ফেব্রুয়ারির প্রথমার্ধে হলে ডিসেম্বরেই তফসিল ঘোষণা করতে হবে। এই হিসাব অনুযায়ী, তারেক রহমান ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গুলশানে তাঁর বাসভবন ও অফিস সংস্কার করা হচ্ছে, আনা হচ্ছে নতুন বুলেটপ্রুফ গাড়ি এবং উন্নত নিরাপত্তা সরঞ্জাম। বিএনপির নিরাপত্তা কমিটি জানিয়েছে, শুধুমাত্র দলের নিজস্ব নিরাপত্তা যথেষ্ট নয় রাষ্ট্রীয় পর্যায়েও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের দেশে ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, “নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন, খুব শিগগিরই দিনক্ষণ জানানো হবে।”
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ফেরার সিদ্ধান্ত তাঁর নিজের হাতে। সময় খুব দূরে নয়।”
দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, “তারেক রহমানের বিরুদ্ধে কোনো সক্রিয় মামলা নেই। পূর্বের মামলাগুলোয় তিনি খালাস পেয়েছেন, এবং অনেকগুলো মামলাই ইতোমধ্যে বাতিল হয়েছে। আইনগতভাবে দেশে ফেরায় কোনো বাধা নেই।”
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “নভেম্বরের মাঝামাঝি সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। তিনি নির্বাচনে অংশ নেবেন এবং দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন।”
ন্যাশনিক্স/এজে
