আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তিন বাহিনীর অবদানের প্রশংসা করে বলেন, “গত ১৫ মাসে সামরিক বাহিনীর সদস্যরা দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে নিরলসভাবে কাজ করেছে। আসন্ন নির্বাচনকেও শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে তাদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
বৈঠকে তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনা সদস্য, আড়াই হাজার নৌবাহিনী সদস্য এবং বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। প্রতিটি উপজেলায় থাকবে সেনাবাহিনীর একটি করে কোম্পানি।
এছাড়া বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজন উপলক্ষে প্রধান উপদেষ্টাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান।
ন্যাশনিক্স/এপি
