ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ডিসেম্বরেই তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল ইসলাম

অবশ্যই পরুন

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই রমজান মাসের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষণা করা হবে।”

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য দেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “মিডিয়ার সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে চাই। আশা করছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।”

গণভোট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণভোট নির্বাচনের আগে হবে নাকি পরে, সেটি এখনো কমিশনের নজরে আসেনি। সরকার কীভাবে বিষয়টি নিয়ে প্রস্তুতি নিচ্ছে, সেই তথ্যও এখনো আমাদের কাছে পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে।”

রাজনৈতিক সিদ্ধান্ত বিষয়ে তিনি বলেন, “পিআর ইস্যুটি পুরোপুরি রাজনৈতিক। আমরা রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

তিনি আরও জানান, “নির্বাচন পরিকল্পনা বিধিমালা সম্পন্ন হয়েছে। প্রতীকের তফসিলসহ সময়োপযোগী পরিবর্তন ও সংশোধন করা হয়েছে।”

প্রবাসী ভোটারদের বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, “নভেম্বর থেকে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু হবে। এছাড়া যারা বন্দি রয়েছেন, তারাও যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচনকে ঘিরে যেন কোনো গুজব বা অপতথ্য না ছড়ায়, সে বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও যোগ করেন, “গণমাধ্যমের সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ