গাজীপুরের জয়দেবপুর জংশন রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটের একটি লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর জংশনে প্রবেশের সময় হঠাৎ ট্রেনটির শেষ দিকের একটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়, ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করে।
জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, “বগিটি লাইনচ্যুত হওয়ার পরপরই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল কাজ করছে এবং দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।”
এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, “জংশনের কাছাকাছি পৌঁছালে বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়। বর্তমানে উদ্ধার কাজ চলছে।”
বগিটি উদ্ধার না হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ে উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ন্যাশনিক্স/এপি
