ফিফার নিষেধাজ্ঞায় বাংলাদেশের আরো একটি ক্লাব

অবশ্যই পরুন

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই কারণে বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ফিফার শাস্তি পেয়েছিল। এবার বছরের শেষ দিকে সেই তালিকায় যুক্ত হলো মোহামেডানের নাম।

ফিফার পাঠানো এক চিঠিতে জানানো হয়, ২০২২–২৩ মৌসুমে ক্লাবটির হয়ে খেলা ইরানি ফুটবলার মেইসাম শাহ জাদেহ তার চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ায় অভিযোগ দাখিল করেন। তদন্ত শেষে ফিফা নিশ্চিত করে যে, মেইসামকে তার বকেয়া পরিশোধ করা হয়নি। ফলে বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত মোহামেডানের ওপর নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা টানা তিনটি ট্রান্সফার উইন্ডো পর্যন্ত বহাল থাকবে।

ক্লাব সূত্রে জানা গেছে, মেইসামের পাওনা প্রায় ৬০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭৩ লাখ ৩৬ হাজার টাকা। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে ফিফা আরও কঠোর শাস্তি দিতে পারে বলে সতর্ক করেছে।

গত মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয় মোহামেডান, তবে বর্তমানে তারা চরম আর্থিক সংকটে আছে। ফিফার এই নিষেধাজ্ঞার ফলে চলতি মৌসুমের মধ্যবর্তী ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো খেলোয়াড় দলে নেওয়া সম্ভব হবে না বলে আশঙ্কা করছে ক্লাব কর্তৃপক্ষ।

এদিকে ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নির্দেশ দিয়েছে, যদি এখনও নিষেধাজ্ঞা কার্যকর না করা হয়ে থাকে, তবে তা যেন অবিলম্বে জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করা হয়।

ফিফার নিবন্ধন বিষয়ক পোর্টালের তথ্যে দেখা যায়, বর্তমানে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পাঁচটি ও শেখ জামালের বিরুদ্ধে দুটি অভিযোগ রয়েছে। এবার সেই তালিকায় জায়গা করে নিল দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ